জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবিরের কথিত ‘গোপন রাজনীতি’ এবং এক শিক্ষার্থীর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করেন, শিবিরের কর্মীরা নিজেদের পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। এমনকি তারা সাধারণ শিক্ষার্থীদের প্রভাবিত করার জন্য প্রতারণামূলক কৌশল বা ‘হানি ট্র্যাপ’ ব্যবহার করছে বলেও দাবি করা হয়। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ক্যাম্পাসে যারা রাজনীতি করবে তাদের প্রকাশ্যে আসতে হবে। গোপনে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, অভিযুক্ত ছাত্রশিবির নেতার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং তাকে দ্রুত আইনের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থীদের বরাত দিয়ে জানানো হয়, অভিযুক্ত শিক্ষার্থী একাধিক ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় করে প্রতারণা করেছেন। এ বিষয়ে ইতিমধ্যে তিনজন শিক্ষার্থী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের সাথে জড়িত থাকা ব্যক্তিরাই এখন শিবিরের পরিচয় দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
রিপোর্টারের নাম 

























