গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত হোপ লোন ইন্টিমেট লিমিটেড কারখানার সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি নেতা হারুন ও ফরহাদ গ্রুপের কর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা হারুন গ্রুপের একটি গাড়ি ভাঙচুর করে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ আসার আগেই সংঘর্ষকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























