আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে। নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
মোরশেদুল ইসলাম চৌধুরী জানান, দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি করপোরেশনের ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। স্নাতকোত্তর সম্পন্ন করা হেলালী একসময় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত। এর আগে মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় থাকলেও, শেষ পর্যন্ত শামসুজ্জামান হেলালীর নামই চূড়ান্ত করা হলো।
জামায়াতের একাধিক সূত্র থেকে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগর জামায়াতের শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর শাখার আমির নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীসহ শীর্ষ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















