ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সংসদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে তার পদ থেকে এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়া সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে আগামী ১২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মোটরসাইকেলে তেল ভরা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে মুয়াজ ও হামিদুর নামে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের মধ্যে মুয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল থেকে নাফিউল ইসলাম নামে একজনকে আটক করেছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 

























