চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। সাক্ষাতকালে ছাত্রদল নেতারা শাটল ট্রেনে শিক্ষার্থীদের দুর্ভোগ ও নিরাপত্তার অভাবের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর অর্ধেকের বেশি যাতায়াতের জন্য শাটল ট্রেনের ওপর নির্ভরশীল। কিন্তু বগির স্বল্পতা ও আসন সংকটের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী শিগগিরই চবি রুটে এক জোড়া নতুন শাটল ট্রেন চালু এবং বিদ্যমান ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের আশ্বাস দিয়েছেন।
এছাড়া শাটলে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন। শাখা ছাত্রদলের পক্ষ থেকে মন্ত্রীর এই ইতিবাচক মনোভাবকে স্বাগত জানানো হয়েছে। তারা আশা করছেন, মন্ত্রীর এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
রিপোর্টারের নাম 
























