জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ আট বছর ধরে বন্ধ রয়েছে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট প্রতিনিধি নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুযায়ী প্রতি তিন বছর পরপর এই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ প্রতিনিধিদের দিয়েই পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের কার্যক্রম। এই অচলাবস্থা নিরসনে আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য সিনেট অধিবেশনের আগেই নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরি থেকে ২৫ জন নির্বাচিত প্রতিনিধি থাকার বিধান রয়েছে। সর্বশেষ ২০১৭ সালের ৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ ২০২০ সালের ডিসেম্বরে শেষ হয়ে গেলেও নতুন করে নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৯৩ সদস্যের সিনেট মূলত মেয়াদোত্তীর্ণ প্রতিনিধিদের নিয়েই তাদের কার্যক্রম পরিচালনা করছে।
নির্বাচন বিলম্বিত হওয়ার বিষয়ে প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালের শেষ দিকে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক পরিবর্তনের কারণে তা থমকে যায়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন সংক্রান্ত ওয়েবসাইটের ডোমেইন মেয়াদোত্তীর্ণ হওয়ায় অনলাইন কার্যক্রমও স্থবির হয়ে আছে। তবে জাকসু প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত নির্বাচনের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























