আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন। এছাড়াও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে চারদিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল।
রিপোর্টারের নাম 






















