বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। প্রায় ৪০ জন জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির প্রভাবশালী নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আপ বাংলাদেশ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ প্রায় ৩০ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান প্রায় চূড়ান্ত। জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির আরও প্রায় ১০ জন নেতার এনসিপিতে যুক্ত হওয়ার বিষয়টিও অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে জুলাই শক্তিগুলোর ঐক্যপ্রক্রিয়া নিয়ে কাজ করে আসছে। বিভিন্ন দল, সংগঠন ও প্ল্যাটফর্মের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষার পাশাপাশি দফায় দফায় বৈঠকও করছে দলটি। এর ফলস্বরূপ, প্রথম ধাপে আপ বাংলাদেশের একটি বড় অংশ এনসিপিতে যুক্ত হচ্ছে। পরবর্তীতে এনসিপির তৃণমূল পর্যায়ের কমিটিগুলোতেও আপের নেতাকর্মীদের যুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
এনসিপিতে যুক্ত হতে যাওয়া আপ বাংলাদেশের নেতাদের মধ্যে জুনায়েদ, রাফে এবং ইরার পাশাপাশি জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহবুব সোহান, কাজী সালমান, মোশারফ হোসেন প্রমুখ উল্লেখযোগ্য। এই যোগদান রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আগামী দিনের রাজনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























