প্রতিষ্ঠার প্রায় ২০ বছর পেরিয়ে গেলেও বিদেশি শিক্ষার্থী আকর্ষণে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ২০০৬ সালে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে মাত্র ১২ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বর্তমানে পুরো বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন, যার পড়াশোনা শেষ হলে ক্যাম্পাসটি সম্পূর্ণ বিদেশি শিক্ষার্থীশূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে এখন পর্যন্ত ভর্তি হওয়া ১২ জন শিক্ষার্থীর সবাই নেপালের নাগরিক। তারা মূলত কম্পিউটার সায়েন্স, ফার্মেসি ও কৃষির মতো নির্দিষ্ট কয়েকটি বিভাগে পড়াশোনা করেছেন। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী তিন সেশনে কোনো বিদেশি শিক্ষার্থীই এখানে ভর্তি হননি। বর্তমানে কৃষি বিভাগে অধ্যয়নরত একমাত্র বিদেশি ছাত্র রাবি কুমার যাদব জানান, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক পরিবেশ বিদেশি শিক্ষার্থীদের আসার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, ভৌগোলিক অবস্থান, পর্যাপ্ত বৃত্তির অভাব এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার ঘাটতিই এই অনাগ্রহের মূল কারণ। সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. রোকনুজ্জামান সিদ্দিকী জানান, বিদেশি শিক্ষার্থীরা সাধারণত রাজধানী ঢাকা বা এর আশপাশের বড় বিশ্ববিদ্যালয়গুলোকে বেশি পছন্দ করে। নোবিপ্রবির মতো প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকীকরণ ত্বরান্বিত করতে বিশেষ উদ্যোগ ও সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























