রাজশাহীর পুঠিয়া উপজেলায় তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ছাত্রদল নেতাকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিলেও, কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আব্দুস সবুর বুলেট রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বানেশ্বর ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেন বুলেট। এতে দায়িত্বরতরা বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং বাকবিতণ্ডায় লিপ্ত হন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের কারাদণ্ড ঘোষণা করা হয়। তবে দণ্ড ঘোষণার কিছুক্ষণ পরই রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
একই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সম্রাট হোসেন নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুঠিয়া থানা পুলিশ জানায়, ওই যুবক পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করেছেন। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত সালমান জানান, বিশৃঙ্খলার দায়ে তাকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দণ্ড ঘোষণার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 

























