জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সার সংকটের মতো জাতীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চাইলে সরকার ‘লুকোচুরি’ করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতীয় সংকট উত্তরণে সংসদ ও সংসদের বাইরে খোলা মনে একসঙ্গে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তো এগুলো বুঝি, আমরা চাই সবাই মিলে খোলা মনে এগুলোর সমাধান বের হয়ে আসুক।’
জামায়াত আমির সরকারকে ভুল থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন। তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন, আমরা এটা বাস্তবায়নে আপনাদেরকে সহযোগিতা করব।’ তিনি আরও বলেন, শাসনব্যবস্থা থেকে ফ্যাসিবাদ দূর করার জন্য যেসব অধ্যাদেশ হয়েছিল, সেগুলোকে একচুলও পেছনে না গিয়ে সম্ভব হলে সামনে এগিয়ে তা বিল আকারে আনুন। কিন্তু জনগণের ওপর ফ্যাসিবাদ কায়েমের জন্য সামান্য পরিমাণ হলেও তা আমরা মানব না।
সংসদের স্পিকারের একটি বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘এই সংসদের ৩০০ জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত ও দায়িত্বশীল হয়ে যায়, তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ।’ রাজনীতির স্লোগান ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ হলেও বাস্তবে প্রায়শই দেখা যায় দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়—এই চরিত্র পাল্টানোর ওপর জোর দেন তিনি। যেখানেই এই সংস্কৃতির চর্চা চলবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 

























