বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়লেও ডিজিটাল দক্ষতা ও ব্যবহারের ধরনে বড় ধরনের বৈষম্য রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক জরিপে দেখা গেছে, দেশের ৫৩.৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও তাদের বড় অংশের দক্ষতা কেবল ‘কপি-পেস্ট’ করার মধ্যেই সীমাবদ্ধ। বিশেষ করে শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবধান এখনো ৩২ শতাংশের বেশি।
জরিপের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ইন্টারনেটের প্রসার সবচেয়ে বেশি হলেও জেলা হিসেবে সবচেয়ে পিছিয়ে আছে পঞ্চগড়। একইভাবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ঢাকার পরিবারগুলো শীর্ষে থাকলেও ঠাকুরগাঁও জেলা এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে। দেশে ৮৮.৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, তবে নিজস্ব মোবাইল সেট রয়েছে ৬৪.৪ শতাংশের কাছে। অন্যদিকে, কম্পিউটার ব্যবহারের হার এখনো অনেক কম, যা মাত্র ১১.৩ শতাংশ।
ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন মাসে ব্যবহারকারীদের ৬৪.৪ শতাংশ সরকারি চাকরির তথ্য খুঁজেছেন। এছাড়া ৪৯.৮ শতাংশ খেলাধুলা এবং মাত্র ১১.৬ শতাংশ অনলাইনে কেনাকাটা করেছেন। জরিপে আরও উঠে এসেছে যে, ৪৩.৬ শতাংশ মানুষ ইন্টারনেটের উচ্চমূল্যের কারণে এটি ব্যবহারে আগ্রহী নন। সাইবার নিরাপত্তার বিষয়ে অর্ধেক ব্যবহারকারী ভাইরাস বা ম্যালওয়্যারকে বড় হুমকি মনে করলেও, বড় একটি অংশ সাইবার আক্রমণের পর ব্যবস্থা নিতে সক্ষম বলে দাবি করেছেন।
রিপোর্টারের নাম 

























