বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে জব্দকৃত ডিজেল সাধারণ কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘লোপা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক লোকমান হাকিম কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তিনি তেল মজুত শুরু করেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ব্যবসায়ী লোকমান হাকিম পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। ইউএনও সুমাইয়া ফেরদৌস জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা জনভোগান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ডিজেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
রিপোর্টারের নাম 

























