কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়া দুই যুবক অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছেন। অপহরণের পর হাতে-পায়ে শিকলবন্দি অবস্থায় পাহাড়ের আস্তানা থেকে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন তারা। গত মঙ্গলবার অপহৃত হওয়ার পর বুধবার সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ওসমান ও আরাফাত জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় এক বৃদ্ধা যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে গিয়ে তারা অপহরণের শিকার হন। লেদা এলাকায় পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে সারা রাত তাদের হাত-পা শিকল দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন চালানো হয় এবং তাদের সিএনজিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়।
পরদিন ভোরে ডাকাতরা তাদের গহীন পাহাড়ে নিয়ে যায়। সেখানে পাহারায় থাকা ডাকাত সদস্যরা ঘুমিয়ে পড়লে দুই যুবক জীবনের ঝুঁকি নিয়ে শিকল পরা অবস্থাতেই পাহাড় থেকে পালিয়ে আসতে সক্ষম হন। বাড়িতে পৌঁছানোর পর তাদের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যুবকরা ফিরে এলেও তাদের ব্যবহৃত অটোরিকশা এবং মোবাইল ফোনগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 

























