বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য হ্যাকিং একটি বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রতারক চক্র বিভিন্ন কৌশলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ দাবি করছে অথবা আপত্তিকর তথ্য ছড়িয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
ফেসবুক সুরক্ষিত রাখতে অপরিচিত কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে মেসেঞ্জারে আসা প্রলোভনমূলক লিংকে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। এছাড়া ব্রাউজারে লগইন করার সময় ওয়েবসাইটের বানান ও ইউআরএল (https://www.facebook.com) সঠিক আছে কি না তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ হ্যাকাররা অনেক সময় ফেসবুকের মতো দেখতে ভুয়া ডোমেইন ব্যবহার করে প্রতারণা করে।
অ্যাকাউন্টের নিরাপত্তায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের কোনো বিকল্প নেই। বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং প্রতীকের সমন্বয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করা উচিত। পাশাপাশি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং নিয়মিত ‘অ্যাক্টিভ সেশন’ বা কোন কোন ডিভাইসে লগইন করা আছে তা পরীক্ষা করা প্রয়োজন। সন্দেহজনক কোনো ডিভাইস বা থার্ড পার্টি অ্যাপের অ্যাক্সেস থাকলে তা দ্রুত সরিয়ে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ।
রিপোর্টারের নাম 

























