গাইবান্ধার সাঘাটায় মাদকসহ গ্রেফতারের দায়ে বহিষ্কৃত এক যুবদল নেতা পদে ফেরার অল্প দিনের ব্যবধানে আবারও ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। মঙ্গলবার রাতে তাকে ইয়াবাসহ আটকের পর বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল বারোকোনা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় রিয়াদ-রাহাত মোবাইল পয়েন্টের সামনে থেকে সাইফুল ইসলাম ও নাজমুল হক নয়ন নামে দুজনকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেও সাইফুল ইসলাম নিজ বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। সে সময় তাকে দল থেকে বহিষ্কার করা হলেও সম্প্রতি তাকে আবারও স্বপদে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারিদের দলে কোনো জায়গা নেই এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা কমিটিকে সুপারিশ করা হবে।
রিপোর্টারের নাম 

























