প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক টাঙ্গাইলে পহেলা বৈশাখে উদ্বোধনকৃত কৃষক কার্ডটি বাংলাদেশের কৃষিখাতের ইতিহাসে একটি যুগান্তকারী ও মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কৃষকরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা, প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হয়ে কৃষিকাজ চালিয়ে আসছেন। এই প্রেক্ষাপটে কৃষক কার্ডের প্রবর্তন কৃষকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে যা সঠিকভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে অভাবনীয় ভূমিকা রাখবে।
প্রাথমিক পর্যায়ে ১০টি জেলার ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হলেও সরকারের সুদূরপ্রসারী লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে যার জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা। এই কার্ডটি মূলত একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র যা কৃষকদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসবে এবং সার, বীজ ও কৃষি উপকরণের ক্ষেত্রে অতীতে বিদ্যমান নানা অনিয়ম ও স্বচ্ছতার অভাব দূর করতে সহায়তা করবে। প্রকৃত কৃষকরা যেন তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন এবং কেউ যেন এই সুযোগের অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কৃষক কার্ডের অন্যতম প্রধান সুবিধা হলো সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি যা কৃষকদের মহাজনী ঋণের উচ্চ সুদ ও শোষণের হাত থেকে রক্ষা করবে। ব্যাংকগুলো আগে কৃষকদের সঠিক তথ্যের অভাবে ঋণ দিতে অনাগ্রহ প্রকাশ করলেও এখন কার্ডের মাধ্যমে জমির পরিমাণ ও উৎপাদনের তথ্য সহজেই যাচাই করতে পারবে। এছাড়া সরকারি ভর্তুকি সরাসরি ডিজিটাল পদ্ধতিতে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রান্তিক চাষিরা সরাসরি উপকৃত হবেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে এই কার্ড ডাটাবেজ হিসেবে কাজ করবে যা বাজার পরিস্থিতি বিশ্লেষণে সরকারকে সাহায্য করবে।
প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত শনাক্ত করে আর্থিক সহায়তা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করাও এই কার্ডের মাধ্যমে অনেক সহজতর হবে। তবে এই মহতী উদ্যোগের সফলতার পথে বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তি সম্পর্কে প্রান্তিক কৃষকদের অজ্ঞতা এবং প্রয়োজনীয় নথিপত্রের অভাব। অনেক ক্ষুদ্র কৃষকই ডিজিটাল প্রক্রিয়ার সাথে পরিচিত না হওয়ায় তারা যেন এই সেবা থেকে ছিটকে না পড়েন সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
এই প্রকল্পের পূর্ণ সুফল নিশ্চিত করতে হলে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ ও কৃষকবান্ধব করতে হবে। অনলাইন পদ্ধতির পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে অফলাইন নিবন্ধনের ব্যবস্থা রাখা জরুরি যাতে কোনো প্রকৃত কৃষক তালিকার বাইরে না থাকে। তথ্যের সঠিকতা যাচাইয়ে স্থানীয় প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যাতে কোনো অ-কৃষক এই সুবিধা নিতে না পারে। ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে ইন্টারনেট সেবার মান বাড়ানোর পাশাপাশি কৃষকদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া অপরিহার্য।
কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সুবিধা প্রদান বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নিশ্চিত করলে স্বচ্ছতা বাড়বে এবং কৃষকের আস্থা অর্জিত হবে। শুধু কার্ড বিতরণই শেষ কথা নয় বরং এর নিয়মিত মনিটরিং এবং মাঠ পর্যায়ের ফিডব্যাক নিয়ে কার্যকর সংশোধনীর মাধ্যমে এটিকে একটি সমন্বিত কৃষি সহায়তা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। সরকারের আন্তরিকতা ও প্রশাসনিক দক্ষতার সঠিক সমন্বয় ঘটলে এই কৃষক কার্ড বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে এবং কৃষকের জীবনমান বদলে দিতে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।
রিপোর্টারের নাম 

























