মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার ভূখণ্ডে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল মস্কো। তবে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করে জানান, ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার সংঘাত নিরসনে সহায়তার লক্ষ্যে রাশিয়া ইরানের ইউরেনিয়ামের পুরো মজুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।
রুশ বার্তা সংস্থা আরআইএ-কে দেওয়া সাক্ষাৎকারে পেসকভ বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে আসা একটি কার্যকর সমাধান হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্কিন প্রশাসনের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। এর আগে গত বছরের জুন মাসেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা নিয়ে কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি রাশিয়া আবারও এই উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাড়া মেলেনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে আবারও এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন।
রিপোর্টারের নাম 


















