বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের মানুষ গণভোটে যে রায় দিয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়নই এখন জাতির প্রত্যাশা। জনগণের এই রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জাতীয় অঙ্গীকারগুলো পূরণে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের স্বার্থে সংসদে যেমন গঠনমূলক ভূমিকা রাখছে, তেমনি জনগণের অধিকার আদায়ে রাজপথেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বুধবার বিকেলে রংপুর মহানগর ও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আবদুল হালিম বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন করতে হবে। মানুষ আর শুধু আশ্বাস চায় না, তারা বাজেটে বরাদ্দ ও কাজের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। একই সাথে সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি আরও জানান, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। আগামী ১১ জুলাই রংপুরে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, ওই সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা প্রকল্প, সীমান্ত সমস্যা সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চার দফা দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে। রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সঞ্চালনায় উক্ত সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















