লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে লেবানন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৮ এপ্রিল লেবাননের বিভিন্ন প্রান্তে শতাধিক বিমান হামলা চালায় ইসরাইল। এই আগ্রাসনের প্রতিবাদে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে তারা এই পদক্ষেপ নিয়েছে।
লেবাননের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী বৈরুতের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই দিনের ব্যস্ত সময়ে এই হামলাগুলো চালানো হয়, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। লেবানন সরকার একে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি এই বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ৩০৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন শিশু এবং ৭১ জন নারী রয়েছেন। এছাড়া ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ১৫০ জন। হামলার ফলে অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যা দেশটিতে এক মানবিক সংকটের সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 



















