ভারতীয় রুপির দরপতন ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে, তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশটির বন্ড বাজারে। বৈদেশিক মুদ্রা লেনদেনের ওপর আরোপিত নতুন বিধিনিষেধের ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির বিপরীতে সুরক্ষা বা ‘হেজিং’ করা এখন অনেক ব্যয়বহুল ও জটিল হয়ে পড়েছে। এর ফলে ভারতীয় সরকারি বন্ডের প্রতি আগ্রহ হারাচ্ছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা।
বাজার বিশ্লেষকরা বলছেন, অনশোর ও অফশোর উভয় বাজারেই ঝুঁকি মোকাবিলার খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অফশোর নন-ডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) বাজারে এই খরচ গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীদের মতে, উচ্চ হেজিং খরচের কারণে বন্ড থেকে প্রাপ্ত মুনাফার সিংহভাগই হাতছাড়া হয়ে যাচ্ছে। ফলে তারা এখন ভারত থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও বিশ্ববাজারে তেলের চড়া দাম ভারতের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ভারত তার প্রয়োজনীয় তেলের বড় একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ২.২৬ বিলিয়ন ডলার সমমূল্যের ভারতীয় সরকারি বন্ড বিক্রি করে দিয়েছেন। মূলত মুদ্রাবাজারে কড়াকড়ি আরোপের পর বন্ড বিক্রির এই প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে।
রিপোর্টারের নাম 
























