মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বিপুল মুনাফা লুটছে শীর্ষস্থানীয় তেল ও গ্যাস কোম্পানিগুলো। এক বিশেষ বিশ্লেষণে দেখা গেছে, ইরানকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতের প্রথম মাসেই বিশ্বের শীর্ষ ১০০টি জ্বালানি প্রতিষ্ঠান প্রতি ঘণ্টায় প্রায় ৩০ মিলিয়ন ডলার অতিরিক্ত মুনাফা করেছে। তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছানোয় মাস শেষে তাদের মোট বাড়তি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ বিলিয়ন ডলারে।
সবচেয়ে বেশি লাভবান হওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে সৌদি আরামকো, গ্যাজপ্রম ও এক্সনমোবিলের মতো জায়ান্ট কোম্পানিগুলো। বিশ্লেষকদের মতে, যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষ যখন জ্বালানি বিল ও জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন এই কোম্পানিগুলো ‘অনার্জিত’ মুনাফায় পকেট ভারী করছে। পরিস্থিতি সামাল দিতে অস্ট্রেলিয়া, ইতালি ও ব্রাজিলসহ বেশ কিছু দেশ ইতিমধ্যে জ্বালানি কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই অস্বাভাবিক মুনাফার ওপর ‘উইন্ডফল ট্যাক্স’ বা বিশেষ কর আরোপের দাবি এখন জোরালো হচ্ছে। ইউরোপীয় কমিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মনে করছে, যারা যুদ্ধের সুযোগ নিয়ে লাভবান হচ্ছে, তাদের সাধারণ মানুষের বোঝা কমাতে এগিয়ে আসা উচিত। অন্যথায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।
রিপোর্টারের নাম 






















