ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের মাত্র কয়েক ঘণ্টার মাথায় নাটকীয় এক সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীকে ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এই আকস্মিক নীতি পরিবর্তন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গোপন আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই আলোচনায় চীন ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প লিখেছেন, “আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিচ্ছি। এতে চীন ও বিশ্ববাসী উভয়েই উপকৃত হবে।” এছাড়া আগামী মে মাসে বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে তার একটি শীর্ষ বৈঠকের কথা রয়েছে, যেখানে বাণিজ্য শুল্ক ও খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
উল্লেখ্য, এর আগে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছিলেন। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই উত্তেজনার জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম অনেকটা বেড়ে যায়। গত ২৪ ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী ছয়টি তেলবাহী ট্যাংকারের চলাচল আটকে দিয়েছিল।
এদিকে বেইজিং ট্রাম্পের আগের অবরোধ নীতিকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছিল। যদিও ট্রাম্প এখন শান্তি আলোচনার ইঙ্গিত দিচ্ছেন, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিদ্যমান বিরোধের কারণে এই সমাধান কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধান আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
রিপোর্টারের নাম 























