র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিপুল পরিমাণ হেরোইনসহ সাভারের এক মাদক সম্রাটকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম হৃদয় মিয়া, যিনি নিজেকে সাভার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচয় দিতেন। তার কাছ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ১ কেজি ২শ’ ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে সাভার পৌর এলাকার পালোয়ান পাড়ায় শামীম নামে আরেক শীর্ষ মাদক সম্রাটের গেরেজে অভিযান চালায় র্যাব-৪ এর সাভার ক্যাম্প। এই সময় হৃদয় মিয়াকে হেরোইনসহ আটক করা হলেও, মাদক সম্রাট শামীম পালিয়ে যেতে সক্ষম হয়। র্যাব সূত্রে জানা যায়, শামীম নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনার জন্য চাপাইন, দেওগা ও রাজাশন এলাকায় প্রায় একশ’ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল।
র্যাব-৪ এর সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহনুর কবির ও স্কোয়াড কমান্ডার হালিউজ্জামান জানান, মাদকের একটি বড় চালানের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালানো হয়। আটককৃত হৃদয় মিয়ার বাড়ি সাভার পৌরসভা সংলগ্ন সাভার সদর ইউনিয়নের দেওগাঁও গ্রামে। তার পিতার নাম মতি মিয়া।
র্যাব আরও জানায়, হৃদয়ের বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। এমনকি, জুলাই আন্দোলনের সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র ও লাঠি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। সাভার থানা ছাত্র দলনেতা মাহবুব সামীর তার আপন ভাই। হৃদয় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই এবং কিশোর গ্যাং পরিচালনাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে র্যাব নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 






















