রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রায় বাংলার আবহমান গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলাসহ দেশীয় নানা অনুষঙ্গ। পুরো পথজুড়ে শিল্পীরা দেশাত্মবোধক গানসহ জারি, সারি ও ভাটিয়ালি গান পরিবেশন করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিজাতীয় ও পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ জাতির নিজস্ব পরিচয়কে সংকটে ফেলছে। সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি ও হারানো ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
রিপোর্টারের নাম 
























