চট্টগ্রামের লোহাগাড়ায় অনলাইন জুয়ায় মাদরাসার বিপুল পরিমাণ অর্থ হারিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন এক শিক্ষক। সোমবার সকালে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের একটি ভবনের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষকের নাম শিব্বির আহমেদ হাসান (৩৪)। তিনি হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার ছালেহ আহম্মদের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। পুলিশ জানায়, স্থানীয় নিশান প্লাজা নামের একটি ভবনের ৫০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, শিব্বির আহমেদ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। সম্প্রতি তিনি মাদরাসার গচ্ছিত ৭০ হাজার টাকা জুয়ায় হেরে যান। ওই টাকা পরিশোধের জন্য মাদরাসা কর্তৃপক্ষ তাকে চাপ দিলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে গলায় গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 
























