ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ এপ্রিল। এই সময়সীমার কথা মাথায় রেখে বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের দলীয় কোটা অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে দলের মহিলা বিভাগ থেকে প্রস্তাবিত তালিকা পর্যালোচনা করা হয়েছে এবং তালিকার বাইরেও যোগ্য প্রার্থী খোঁজা হচ্ছে। তবে অন্যান্য দলের মতো জামায়াতে প্রার্থী হওয়ার জন্য আগ্রহীদের তেমন ভিড় নেই এবং দলীয়ভাবে কোনো মনোনয়ন ফরমও ছাড়া হচ্ছে না। শুধুমাত্র দলের পক্ষ থেকে বাছাইকৃত নির্দিষ্ট সংখ্যক প্রার্থীই মনোনয়ন পাবেন।
জানা গেছে, দলীয় নেতৃত্ব ও সাংগঠনিক কাজে দীর্ঘদিনের ত্যাগ এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এমন প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
সূত্রমতে, সংসদে বিরোধী দলের ৭৭ সংসদ সদস্যের কোটা অনুযায়ী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাবে। এর মধ্যে জামায়াতে ইসলামী তাদের ৬৮ সংসদ সদস্যের আনুপাতিক হারে ১২ জন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় সদস্যের অনুপাতে দলটি একজন নারী প্রতিনিধি পাবে। বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের সংসদ সদস্যরা থাকলেও তাদের নারী প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ থাকছে না। এই দুটি দলসহ এনসিপি থেকে বাড়তি সংখ্যক প্রার্থী এবং ১১ দলীয় ঐক্যের অন্য দলগুলো থেকেও নারী প্রার্থী মনোনয়ন পাওয়ার প্রত্যাশা শোনা গেলেও শেষ পর্যন্ত জামায়াত ১২ জন এবং এনসিপি একজন নারী প্রার্থী মনোনয়ন পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা চলছে। মহিলা বিভাগ থেকে একটি তালিকা প্রস্তাব করা হয়েছে, তবে সেটি চূড়ান্ত নয়। প্রস্তাবিত নামগুলো এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি আগামী নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।
দলীয় একটি সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাওলানা আব্দুল হালিম আরও জানান, জামায়াত থেকে ১২ জনকে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে এবং বাকি একজন এনসিপি পাবে। জামায়াতের অনেক ত্যাগী ও যোগ্য প্রার্থী রয়েছেন।
রিপোর্টারের নাম 
























