পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে দেশে এক বিপ্লব সংঘটিত হয়েছিল এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। সেই সময়ের কর্মসংস্থান সৃষ্টির ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে মেহেরপুরের জিয়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে কাজলা নদীর সংযোগস্থলে জিয়া খালের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। নির্বাচনের আগেই আমাদের প্রধানমন্ত্রী জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যে, আমরা কোনো মেগা প্রজেক্ট করব না, বরং সাধারণ মানুষের পাশে থেকে গ্রামীণ উন্নয়নে অগ্রাধিকার দেব। এ কারণেই খাল খনন কর্মসূচি নতুন বিপ্লবে পরিণত হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর আমূল পরিবর্তন হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রক্রিয়া শুরু করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই ধারা অব্যাহত রেখে আরেকটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।
কৃষকদের কৃষি কার্ড ও কৃষি ঋণ মওকুফের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে সংসদে ১৩৩টি বিল নিয়ে আলোচনা করেছি। দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিকে অগ্রাধিকার দিয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। ফ্যামিলি কার্ড বিতরণের কাজও দৃশ্যমান হয়েছে এবং তা চলমান রয়েছে। আগামী ১৪ তারিখ কৃষি কার্ড বিতরণী উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, মেহেরপুর অঞ্চলের কৃষিভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ভৈরব ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে স্লুইসগেট নির্মাণ এবং পুনঃখনন কার্যক্রম চলছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষিতে এক নতুন বিপ্লব ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানি রায়, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মওলানা তাজ উদ্দীন খান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি প্রমুখ।
রিপোর্টারের নাম 

























