রাঙামাটির রাজস্থলীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই ও বিষু। উৎসবের প্রথম দিনে রোববার ভোরে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কিশোর-কিশোরীরা কাপ্তাই ও হ্নাড়া খালসহ বিভিন্ন পাহাড়ি ঝিরিতে ফুল নিবেদনের মাধ্যমে ‘ফুল বিষু’ উদযাপন করেন।
তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের রীতি অনুযায়ী, পুরনো বছরের সব দুঃখ আর গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতেই এই পুষ্প নিবেদন করা হয়। এদিন ভোরে বাগান থেকে সংগ্রহ করা নানা পদের ফুল গঙ্গা দেবীর আশীর্বাদ কামনায় পানিতে ভাসিয়ে দেওয়া হয়। উৎসবকে ঘিরে পাহাড়ের গ্রামগুলোতে এখন সাজ সাজ রব বিরাজ করছে।
স্থানীয়রা জানান, আগামীকাল পালিত হবে ‘মূল বিষু’, যেখানে ঘরে ঘরে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে। তঞ্চঙ্গ্যা ছাড়াও চাকমা, মারমা ও ত্রিপুরাসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে এই উৎসব পালন করছে। নববর্ষে বিশ্ব শান্তির কামনায় স্থানীয় বিহারগুলোতে বিশেষ ধর্মসভা ও প্রার্থনারও আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















