ঝিনাইদহ পৌরসভার ব্যাপারীপাড়া বউবাজার এলাকায় নিজের জায়গায় রাস্তা পড়েছে দাবি করে এক রড-সিমেন্ট ব্যবসায়ী ৩০ বছরের পুরোনো একটি রাস্তা ভেঙে গভীর গর্ত তৈরি করেছেন। নয়ন মিয়া ওরফে নয়ন বিশ্বাস নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা ভাঙার অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকার অন্তত ৩০ পরিবারের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন দশক ধরে ব্যাপারীপাড়া বউবাজার এলাকার এই রাস্তাটি ব্যবহার হয়ে আসছে। প্রায় ২০ বছর আগে পৌরসভা কর্তৃক রাস্তাটি ইটের এইচবিবি (হেরিংবোন) দিয়ে পাকা করা হয়েছিল। গত ১৭ মার্চ নয়ন বিশ্বাস ভেকু মেশিন দিয়ে রাস্তাটি ভেঙে দেন। তিনি দাবি করেন, রাস্তাটি তার ব্যক্তিগত জমির উপর নির্মিত। তবে স্থানীয়রা বলছেন, কোনো প্রকার পূর্ব নোটিস ছাড়াই এবং পৌরসভাকে অবহিত না করেই তিনি এই বেআইনি কাজটি করেছেন। রাস্তা ভেঙে ফেলার পর সেখানে হাঁটু পরিমাণ কাদা, পানি ও আবর্জনা জমেছে, যা নারী, শিশু ও বয়স্কসহ সকলের জন্য চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি জরুরি প্রয়োজনে ভ্যান-রিকশারও চলাচল বন্ধ হয়ে গেছে, যা স্থানীয়দের চরম ভোগান্তিতে ফেলেছে।
ভুক্তভোগী এলাকাবাসী এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভা প্রশাসক বরাবর গত ২৫ মার্চ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে এলাকার অন্তত ৩০ জন বাসিন্দার স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, নয়ন মিয়া ব্যক্তিগত জমি দাবি করে জনসাধারণের চলাচলের পুরোনো রাস্তাটি ভেঙে দিয়েছেন, যা পৌরসভা অনুমোদিত এবং জনস্বার্থবিরোধী ও চরম অমানবিক কাজ। কিন্তু অভিযোগ দায়েরের পরও ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
রিপোর্টারের নাম 




















