খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় সোনামিয়া (৩৮) নামে এক রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোনামিয়া স্থানীয় ১০ নং ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোনামিয়া ওই এলাকার মৃত জব্বার সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামিয়া তার নিজস্ব চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত অতর্কিত দোকানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আত্মরক্ষার্থে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়ে তাকে পুনরায় জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দুজন মাস্ক এবং একজন হেলমেট পরিহিত ছিল। হত্যাকাণ্ডের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খালিশপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এলাকায় এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 





















