যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভ থেকে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর প্রতি সমর্থন জানানো হয়। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নামে প্ল্যাকার্ড বহন করা আইনের পরিপন্থী হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সময় উপস্থিত অন্যরা তাদের সমর্থন জানিয়ে হাততালি ও উল্লাস প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই সংগঠনের সঙ্গে জড়িত বা সমর্থনের জন্য ১৪ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তবে, চলতি বছরের ফেব্রুয়ারিতে লন্ডনের হাইকোর্ট এই নিষেধাজ্ঞাকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে রায় দেয়। যদিও সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে। হাইকোর্টের রায়ের পর গ্রেপ্তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হলেও, মার্চের শেষ দিক থেকে তা পুনরায় শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবারের বিক্ষোভে ২৭ থেকে ৮২ বছর বয়সী মোট ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী এক নারী বলেন, ‘এভাবে উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গণহত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান জানিয়ে যেতে চাই।’ আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ দাবি করেছে, প্রায় ৫০০ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং তারা অভিযোগ করেন যে, আদালতের রায় সত্ত্বেও পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর দমননীতি চালাচ্ছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ মূলত ইসরাইলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসসহ বিভিন্ন অস্ত্র কারখানার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই নিষেধাজ্ঞা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং অনেক মামলার বিচার প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে, যা আগামী ৩০ জুলাই পুনর্বিবেচনা করা হবে।
রিপোর্টারের নাম 






















