সংসদে সরকারি দলের সদস্যদের বক্তব্যে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, অথচ বাস্তবে সাধারণ মানুষ তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি হওয়া উচিত জনগণের স্বার্থে আইন প্রণয়ন করা। কিন্তু বর্তমান বাস্তবতায় সংসদ থেকে জাতির জন্য কার্যকর কিছু পাওয়া যাচ্ছে না। ব্যাংকিং খাতসহ দেশের সামগ্রিক ব্যবস্থায় এখন শুধু ‘গোঁজামিল’ দিয়ে হিসাব মেলানোর চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ক্যাশ না থাকলেও খাতায় লাভ দেখানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সমাজ এখন মেধাভিত্তিক হওয়ার পরিবর্তে রাজনীতিভিত্তিক হয়ে পড়েছে। কৃষিবিদদের মতো মেধাবী মানুষের সংগঠনেও জোর করে নেতৃত্ব দখলের অপচেষ্টা চলছে। এই ‘ব্যাড কালচার’ বা মন্দ সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানোর আহ্বান জানান তিনি। সেমিনারে বক্তারা দেশের কৃষি খাতে জ্বালানি সংকটের প্রভাব ও তা থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রিপোর্টারের নাম 























