অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতার রক্তের ওপর ভিত্তি করে এই সরকার গঠিত হয়েছে। তাই সাধারণ মানুষের অধিকার আদায়ের ওয়াদা ভঙ্গ করলে তার পরিণতি শুভ হবে না।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রতিশ্রুতি থাকলেও সরকার তা পালনে ধীরগতি দেখাচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, যারা অতীতে জনগণের সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে, তাদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। বর্তমান সরকারকেও সেই ইতিহাসের কথা মনে রাখার পরামর্শ দেন তিনি।
বক্তব্যে তিনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর জোর দেন এবং রাজনীতি, অর্থনীতি ও সমাজব্যবস্থায় ইনসাফ কায়েমের দাবি জানান। বিশেষ করে শ্রমিকদের নায্য পাওনা ও অধিকার নিশ্চিত করতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























