অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে গভীর ও বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন এবং এই পরিস্থিতিতে জনগণের আস্থা পুনর্গঠন করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী স্বীকার করেন যে, নতুন সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে যখন অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সুশাসন, সংস্কার এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো থেকে প্রত্যাশিত সুফল জনগণ পাচ্ছে না এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। শিল্পের চালিকাশক্তি হারিয়ে যাওয়ায় কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং সামগ্রিক উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে, যা বিগত সময়ে চরমভাবে পরিলক্ষিত হয়েছে।
আমির খসরু আরও বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে তুলেছে। তিনি উল্লেখ করেন যে, বিগত বিএনপি সরকার অর্থনীতির মূল সূচকগুলোকে ইতিবাচক ধারায় এনে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছিল, যা বিগত ১৬ বছরে অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। তিনি দেশবাসীকে বর্তমান সরকারের প্রতিশ্রুত দর্শন ও নীতি কৌশলের বিষয়ে অবহিত করতে চান, যা একটি উন্নত, মর্যাদাশীল, বৈষম্যহীন এবং মানবিক রাষ্ট্র গঠনে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 

























