চট্টগ্রামের পটিয়ায় এক অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া অভিযোগ করেছেন যে, বিগত সময়ে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশের মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে অবহেলিত ও মেরুদণ্ডহীন করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার কামিল (স্নাতকোত্তর) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইদ্রিস মিয়া বলেন, বর্তমান সময়ে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা রূপরেখা দেওয়া হয়েছে, তার প্রতিফলন ইতোমধ্যে জনগণ দেখতে শুরু করেছে। মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, মাদ্রাসা শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার শিক্ষার সার্বিক মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বিসিএসসহ বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) নোমান মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিপোর্টারের নাম 

























