গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর প্রেস ক্লাব মোড় এবং জাহাজ কোম্পানি সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জোটের শীর্ষ নেতারা অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেন।
লিফলেট বিতরণকালে এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছিল। কিন্তু সরকার জনগণের সেই রায়কে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, যা সরাসরি জনমতের সঙ্গে প্রতারণা এবং রাষ্ট্র সংস্কারের পথে বড় বাধা।
তিনি আরও অভিযোগ করেন, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নষ্ট করছে। গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানবাধিকার রক্ষার প্রক্রিয়াকে দুর্বল করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
জোটের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি সহ্য করা হবে না। অবিলম্বে দাবি মানা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে বড় ধরনের গণআন্দোলনের ডাক দেওয়া হবে। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























