ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নেতৃত্ব দেন। রাশিয়ান দূতাবাসের পক্ষে মিনিস্টার কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন ভিয়াচেস্লাভ সেন্টিউরিন বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশের প্রতি রাশিয়ার ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। বাংলাদেশের জ্বালানি খাতে চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়ার সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে রাশিয়ার গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করা হয়।
এছাড়াও, উভয় পক্ষ সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করে। ভবিষ্যতে এ ধরনের সংলাপ ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। রাশিয়ান দূতাবাসের পক্ষে প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 



















