নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় বা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার ‘ডসল্যান্ড গার্মেন্টস’-এর সামনে এই ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে রাকিব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং রফিক নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডসল্যান্ড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অভি গ্রুপের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি নেতা মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় একটি পক্ষ এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে এবং নিয়মিত অস্ত্রের মহড়া দিচ্ছে। সংঘর্ষের সময় সাধারণ মানুষ জীবন বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























