জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। রাফিয়া সুলতানা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে অত্যন্ত সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এছাড়া ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তার এই অকাল মৃত্যুতে রাজনৈতিক ও ছাত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আসর বগুড়ার গাবতলীতে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
রিপোর্টারের নাম 

























