চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে মজুত এবং অনুমোদনবিহীন লেবেলিংয়ের দায়ে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে দুটি পৃথক অভিযানে এই তেল জব্দ ও জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
র্যাব-৭ সূত্রে জানা যায়, অক্সিজেন মোড়, নাসিরাবাদ এবং কর্নফুলী কমপ্লেক্স এলাকায় কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত রেখেছিল। একই সঙ্গে, এসব তেল বাজারজাত করার জন্য অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লেবেল ব্যবহার করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এই ঘটনায় গুদামমালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব।
পরবর্তীতে একই রাতে পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আরও দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে ২১ হাজার ৬০০ লিটার অবৈধভাবে মজুদকৃত তেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-৭ জানিয়েছে, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রোধে ভোজ্যতেলসহ নিত্যপণ্যের অবৈধ মজুত এবং অনুমোদনবিহীন লেবেলিংয়ের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 





















