অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে এবার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। পুলিশের এসআই রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৩ মার্চ বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরবর্তীতে আরও দুই দফায় তাকে যথাক্রমে ছয় দিন ও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘মামলায় সম্পৃক্ত থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হোক।’ এসময় মাসুদ উদ্দিন চৌধুরীর কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার কিছু বলার আছে কিনা জানতে চাইলে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘মামলায় আমার সামান্যতম সম্পৃক্ততা নেই।’
এরপর আদালত তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। পরবর্তীতে তাকে মিরপুরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যা মামলার বিবরণীতে বলা হয়েছে, চলতি বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে।
রিপোর্টারের নাম 























