বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের এভসেক বিভাগ কর্তৃক গত ৫, ৬ ও ৭ এপ্রিল, ২০২৬ তারিখে তিন দিনব্যাপী “Supplementary Station Procedure (SSP) প্রস্তুতি বিষয়ক” কর্মশালার আয়োজন করে। বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এই কর্মশালাগুলো যথারীতি ৭ এপ্রিল, ২০২৬ তারিখে সমাপ্ত হয়।
বাংলাদেশে ফ্লাইট পরিচালনা ও কার্গো পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল বিদেশি বিমান সংস্থার জন্য আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বেবিচক-এর নিয়মানুযায়ী নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করা। এর মাধ্যমে অংশগ্রহণকারী অপারেটরদের এভিয়েশন সিকিউরিটি (AVSEC) সংক্রান্ত রেগুলেটরি প্রয়োজনীয়তা ও তদারকি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। পাশাপাশি, CAAB-এর ‘মডেল এসএসপি’-এর প্রতিটি ধাপ বিস্তারিত ব্যাখ্যা করার মাধ্যমে বিদেশি অপারেটরদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং এসএসপি জমা, পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াটি সহজ ও পরিষ্কারভাবে তুলে ধরাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চীফ এভসেক ইন্সপেক্টর) এবং ICAO অডিটর ও ICAO সার্টিফাইড ইন্সট্রাক্টর জনাব মোহাম্মদ আলমগীর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (এভসেক পলিসি এন্ড সার্টিফিকেশন) জনাব ইফতেখার জাহান হোসেন; সিনিয়র কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) খান শাহীনুল বারি এবং নিরাপত্তা কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম।
কর্মশালায় বাংলাদেশে পরিচালনাকারী ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের মোট ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা প্রোগ্রাম (NCASP) অনুযায়ী, দেশে পরিচালনাকারী সকল বিদেশি বিমান অপারেটরকে তাদের প্রতিটি স্টেশন বা বিমানবন্দরের জন্য লিখিত Supplementary Station Procedure (SSP) প্রণয়ন এবং তা বেবিচক কর্তৃক অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এই প্রক্রিয়াকে সহজতর করতে বেবিচক-এর এভসেক বিভাগ একটি মডেল SSP প্রণয়ন করেছে, যা বিদেশি অপারেটরদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















