গ্যাসের অবৈধ ব্যবহার রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল (সোমবার) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজ সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুটি চুনা কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে প্রায় ১০০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ সংযোগ স্থাপনে ব্যবহৃত প্রায় ২০ ফুট ২ ইঞ্চি এমএস পাইপ, ১০০ ফুট ২ ইঞ্চি প্লাস্টিক জিআই পাইপ, ১০০ ফুট ২ ইঞ্চি রাবার পাইপ, দুটি ২ ইঞ্চি ভাল্ব, আটটি ১/২ ইঞ্চি বল ভাল্ব, চারটি ডাবল বার্নার এবং ১৫০ ফুট ১.৫ ইঞ্চি প্লাস্টিক পাইপ জব্দ করা হয়। এই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব সৈকত রায়হানের নেতৃত্বে এই অভিযানে লালন ওয়াশিং, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং, আল্লাহর দান কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, তুরাগ এন্টারপ্রাইজ (ওয়াশিং কারখানা) এবং দিলু মোল্লা ও আল-আমিন নামের গ্রাহকদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখানে প্রায় ২০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি বুস্টার/কম্প্রেসর, বিভিন্ন মাপের জিআই ও হোজ পাইপ, এমএস পাইপ, ১০টি স্টার বার্নার চেম্বার, ২০টি ১/২ ইঞ্চি বল ভাল্ব, ১২টি স্টার বার্নার, ১৬টি ডাবল বার্নার এবং দুটি রেগুলেটর জব্দ করা হয়। আল্লাহর দান কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও, গাজীপুরের বাঘের বাজার, ভবানিপুর এলাকার এ্যাপারেল-২১ লি.-এর বিল বকেয়ার কারণে তাদের আউটলেটেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 




















