দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিশাল উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই বৃহৎ জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্ত্রী তাঁর বক্তব্যে সাম্প্রতিক নিয়োগের পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে ১৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন এবং গত বছরের ডিসেম্বরে ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদে বর্তমানে ১৯৬টি পদের বিপরীতে ১৩৮ জন কর্মরত আছেন এবং ৫৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে চিকিৎসকদের ৩১টি পদের বিপরীতে ১০টি পদ খালি আছে। নার্স ও অন্যান্য তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের শূন্য পদগুলো পূরণেও সরকার কাজ করছে। তিনি আশ্বস্ত করেন যে, পর্যায়ক্রমে সকল শূন্য পদে নিয়োগ ও পদায়ন সম্পন্ন করা হবে।
রিপোর্টারের নাম 























