জামালপুরের মাদারগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে ঘোড়া থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়া ১২ বছর বয়সী কিশোর জামালের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। নিহত জামাল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বিকেলে উপজেলার ঘুঘুমারী এলাকায় আয়োজিত একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় সওয়ারি হিসেবে অংশ নিয়েছিল জামাল। দৌড় চলাকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং সবশেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যায় এই কিশোর।
বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকেই জামালের অবস্থা আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















