মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন ও সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে তেহরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই প্রস্তাবে ভবিষ্যতে ইরানের ওপর হামলা না করার নিশ্চয়তা এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযান বন্ধের দাবি জানানো হয়েছে।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের ওপর আরোপিত সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অবরোধ তুলে নেবে। তবে প্রস্তাব অনুযায়ী, এই প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করবে ইরান, যা ওমানের সাথে ভাগাভাগি করে যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করা হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ’ বললেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি নৌ চলাচলের জন্য উন্মুক্ত না করা হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালানো হতে পারে। এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 

























