চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর রোকনপুর বিওপির একটি টহল দল রাধানগর ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার মাছুরা (৪৮) এবং কুমিল্লার হোমনোর লাকী আক্তার (২৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক দুই নারী দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই শহরে বসবাস করে আসছিলেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে বিএসএফ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠালে বিজিবির টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আটককৃতদের বর্তমানে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত রোধে বিজিবি তাদের কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























