রাজশাহীর তানোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পশ্চিম শাখা, একটি উপশাখা দায়িত্বশীল কর্মশালা এবং ‘অদম্য জুলাই’ শীর্ষক মিছিলের আয়োজন করেছে। সোমবার বিকেল ৪টায় তানোর উপজেলা সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি রেজুয়ানুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক আতোয়ার রহমান।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তানোর উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা অংশ নেন।
কর্মশালা শেষে বিকেল ৫টার দিকে ‘শহীদদের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘অদম্য জুলাই’ মিছিল বের করা হয়। তানোর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি থানা মোড় (জিরো পয়েন্ট), গোল্লাপাড়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন তানোর পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুর চৌধুরী। শান্তিপূর্ণ পরিবেশে কর্মশালা, মিছিল ও পথসভা সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 





















