সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয় ঝুরঝুরি খালটি দখল করে মৎস্যঘের নির্মাণ এবং পানি প্রবাহের মুখ বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে রয়েছে। এতে করে ধান ও সবজি চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
বর্ষা মৌসুমে বিলের পানি নামতে না পারায় শুধু কৃষিজমি নয়, বরং বসতবাড়ি, রাস্তাঘাট ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। বিশেষ করে খালের আশপাশে বসবাসরত মুন্ডা সম্প্রদায়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, খালের কিছু অংশ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, যার ফলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে ঝুরঝুরি খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছেন। তারা বলছেন, পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত কালভার্ট বা ড্রেনেজ ব্যবস্থা না করলে প্রতি বছর এই সংকট আরও প্রকট হবে। কৃষি ও জনপদ রক্ষায় দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
রিপোর্টারের নাম 























